চাঁদপুরে গ্যাস পাইপ লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৬ জন দগ্ধ হয়েছে। এদের মধ্যে ৪ জনকে ঢাকায় পাঠানো হয়েছে। রোববার (৯ মার্চ) ভোর রাত ৪ টায় শহরের কোড়ালিয়া এলাকায় রুস্তম ব্যাপারী বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধদের মধ্যে আব্দুর রহমান (৫০), শানু বেগম (৪০), খাদিজা আক্তার (৩০) ও মঈনের (১৬) অবস্থা আশঙ্কাজনক। তাদের উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়েছে। আহত ইমাম হোসেন (৩৫) ও দিবা আক্তার চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার ভোররাতে সেহরির জন্য খাবার গরম করতে রান্নাঘরে যান খাদিজা বেগম। এ সময় গ্যাসের চুলায় আগুন দেয়া মাত্রই বিস্ফোরণের ঘটনা ঘটে।
গ্যাসের লাইনে লিকেজ থাকায় রান্নাঘরে গ্যাসে জমে এ দুর্ঘটনা ঘটে।
সূত্র জানায়, ওই বাসায় রাতে মোট ১১ জন ছিলেন। এর মধ্যে ৬ জন দগ্ধ হন। প্রতিবেশীরা তাদের উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যায়। আহতদের শরীর, হাত-পা, মুখমণ্ডল দগ্ধ হয়েছে।
চাঁদপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. আশরাফ আহমেদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিক চিকিৎসা শেষে চারজনকে ঢাকায় পাঠানো হয়েছে। দুইজন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে আছেন।
এলএনডি/ এসএইচ






