কৃষি প্রকল্পে অনিয়মের অভিযোগ, সুবিধা পাচ্ছেন না কৃষকরা

Liberty News Desk

মো.হারুনুর রশিদ,বগুড়া প্রতিনিধি : বগুড়ার সারিয়াকান্দিতে সরকারি কৃষি প্রকল্পের অনুদান সঠিকভাবে বিতরণ না করার অভিযোগ উঠেছে উপজেলা কৃষি কর্মকর্তার বিরুদ্ধে। মিশ্র ফল ও সবজি বাগান প্রদর্শনী প্রকল্পের আওতায় কৃষকদের যেসব সহায়তা দেওয়ার কথা ছিল, তার বেশির ভাগই তারা পাননি বলে অভিযোগ করেছেন।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, প্রকল্পের বেশির ভাগ বাগান পরিকল্পিত এক একর জমিতে হয়নি। বরাদ্দের বিপরীতে কৃষকরা অনেক কম সহায়তা পেয়েছেন, এমনকি কেউই নগদ অর্থ পাননি। অনেকের প্লটে শুধু একটি সাইনবোর্ড বসানো হয়েছে, কিন্তু অন্যান্য সুবিধা দেওয়া হয়নি।

কৃষকরা বলছেন, ৬০ হাজার টাকার বরাদ্দ থাকলেও প্রকৃতপক্ষে তাদের দেওয়া হয়েছে কিছু সার ও ওষুধ। চারা তাদের নিজেদের কিনতে হয়েছে। সেচ ও মালচিংয়ের জন্য কোনো সহায়তা দেওয়া হয়নি। অনেক কৃষক জানিয়েছেন, প্রকল্পের কাগজপত্রে ভুল তথ্য দেখানো হয়েছে—যেখানে বলা হয়েছে জানুয়ারিতে গাছ রোপণ করা হয়েছে, বাস্তবে তা ফেব্রুয়ারির শেষের দিকে হয়েছে।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ জানান, “প্রকল্প বাস্তবায়ন চলছে। কৃষকদের কিছু জিনিস নিজেরা কিনতে বলা হয়েছে, পরে তাদের টাকা ফেরত দেওয়া হবে। প্রকল্পের হিসাব জমা দেওয়ার পরেই পুরো বরাদ্দ বিতরণ করা সম্ভব হবে।”

তবে কৃষকদের আশঙ্কা, প্রকল্পের অর্থ সঠিকভাবে বিতরণ না হলে তাদের ক্ষতি পুষিয়ে নেওয়া কঠিন হয়ে যাবে। তারা দ্রুত প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

শেয়ার করুন