মধ্যরাতে কমলনগরে চিহ্নিত দুই চোর ও মাদক কারবারি গ্রেফতার

Liberty News Desk

এম এ এহসান রিয়াজ, লক্ষ্মীপুরঃ
লক্ষ্মীপুরের কমলনগরে বহু মামলার আসামি, চিহ্নিত দুই চোর ও মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৩ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার চর লরেন্স ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন মো. মনজুর (৩০) ওরফে মনজু চোরা ও মো. সোহেল (৩৫)। মনজুর চর লরেন্স ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আবদুল মতলবের ছেলে এবং সোহেল একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউসুফের ছেলে।

অভিযানে নেতৃত্ব দেন কমলনগর থানার এএসআই মো. দেলোয়ার হোসেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, চিহ্নিত মাদক কারবারি মনজু চোরার বাড়িতে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তি অবস্থান করছে। এরপর সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে মনজু চোরা ও সোহেলকে আটক করা হয়। তবে তাদের সঙ্গে থাকা অন্যরা পালিয়ে যান।

পুলিশ জানায়, গ্রেফতার দুই ব্যক্তি কমলনগরের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা ও চুরির ঘটনায় জড়িত। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

কমলনগর থানার ওসি মো. তৌহিদুল ইসলাম বলেন, ‘গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

উল্লেখ্য, সম্প্রতি কমলনগরের বিভিন্ন এলাকায় চুরির ঘটনা বেড়েছে। গত সপ্তাহে চর ফলকন ও তোরাবগঞ্জ ইউনিয়নে খাবারের সঙ্গে নেশাদ্রব্য মিশিয়ে বাসার লোকজনকে অচেতন করে চুরির ঘটনা ঘটিয়েছে একটি চক্র।

এলএনডি/ এসএইচ

শেয়ার করুন