নোয়াখালীর হাতিয়া উপজেলায় চর দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার জাগলার চর এলাকায় এই সংঘর্ষ হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম জানান, নিহতদের মধ্যে একজনের মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালে রয়েছে এবং বাকি চারজনের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। দুর্গম চরাঞ্চল হওয়ায় পুলিশ বিকেল সাড়ে ৪টার দিকে ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম হয়।
স্থানীয় সূত্র জানায়, জাগলার চরের জমি এখনো সরকারিভাবে কাউকে বন্দোবস্ত দেওয়া হয়নি। এই সুযোগ কাজে লাগিয়ে গত ৫ আগস্টের পর জাহাজমারা ইউনিয়নের সামছু বাহিনী ওই চরের বড় একটি অংশ অবৈধভাবে বিক্রি শুরু করে। পরে সুখচর ইউনিয়নের আলাউদ্দিন বাহিনী একই জমি দখলে নিতে সক্রিয় হয়। একপর্যায়ে আলাউদ্দিন বাহিনী বেশি দামে একই জমি বিক্রি শুরু করলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
মঙ্গলবার সকাল ১১টার দিকে জমি দখলকে কেন্দ্র করে সামছু বাহিনী ও আলাউদ্দিন বাহিনী মুখোমুখি অবস্থানে যায়। পরিস্থিতি দ্রুত সংঘর্ষে রূপ নেয় এবং একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে গুলিবিনিময় শুরু হয়। এতে আলাউদ্দিনসহ চারজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আলাউদ্দিনকে মৃত ঘোষণা করেন। অন্য চারজনের মরদেহ ঘটনাস্থলেই পড়ে ছিল।
নিহত আলাউদ্দিন সুখচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চর আমানুল্লাহ চেরাং বাড়ির মহিউদ্দিনের ছেলে। অন্য নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এলএনডি/এমআর






