ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির মৃত্যুর রেশ কাটতে না কাটতেই এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা বিভাগীয় প্রধান ও এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদার (৪২) গুলিবিদ্ধ হয়েছেন। তার মাথায় গুলি লাগে বলে জানা গেছে।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে খুলনা নগরীর সোনাডাঙ্গা এলাকার একটি বাসায় এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তার অবস্থা আশঙ্কাজনক।
এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, খুলনা বিভাগীয় প্রধান মোতালেব শিকদারকে গুলি করা হয়েছে এবং তাৎক্ষণিকভাবে তাকে খুলনা মেডিকেলে নেওয়া হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, গুলিটি মোতালেব শিকদারের মাথার বাম পাশে বিদ্ধ হয়েছে। জরুরি বিভাগে নেওয়ার সময় তার প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। পরিস্থিতির অবনতি হওয়ায় চিকিৎসকরা দ্রুত সিটি স্ক্যানসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শুরু করেন।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সংশ্লিষ্ট সূত্র জানায়, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। ঘটনার পরপরই আশপাশের লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ঘটনাটি পুলিশের নজরে এসেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে তাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।
পুলিশ জানায়, প্রাথমিক তথ্যে ঘটনাস্থল হিসেবে খুলনার মজিদ সরণি এলাকার নাম উঠে এসেছে। তদন্তের মাধ্যমে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।
এর আগে গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে মাথায় গুলি করে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।
পরবর্তীতে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মারা যান। পরে তার মরদেহ দেশে এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির নিকটে দাফন করা হয়।
এলএনডি/এমআর






