নারায়ণগঞ্জের ফতুল্লায় ধলেশ্বরী নদীতে একটি ফেরি থেকে পাঁচটি যানবাহন নদীতে পড়ে যাওয়ার ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনজন। শনিবার (২১ ডিসেম্বর) গভীর রাতে নদী থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়। অপর একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নিহতদের মধ্যে রয়েছেন ভ্যানচালক স্বাধীন, প্রবাসী মাসুদ ও রফিকুল ইসলাম।
পুলিশের তথ্যমতে, শনিবার রাত আনুমানিক ৯টার দিকে ফতুল্লার পূর্ব প্রান্ত থেকে যানবাহনসহ একটি ফেরি ধলেশ্বরী নদী পাড়ি দিয়ে পশ্চিম পারের বক্তাবলি ঘাটের দিকে যাচ্ছিল। ফেরিটি নদীর মাঝামাঝি পৌঁছালে একটি মিনি ট্রাকের চালক হঠাৎ ট্রাক চালু করেন। এতে ট্রাকের ধাক্কায় দুটি অটোরিকশা, একটি ভ্যান ও একটি মোটরসাইকেল যাত্রীসহ নদীতে ছিটকে পড়ে।
ঘটনার সময় কয়েকজন যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও তিনজন নিখোঁজ হন। পরে উদ্ধার অভিযান চালিয়ে নদী থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া আহত অবস্থায় হাসপাতালে ভর্তি একজন পরে মারা যান।
পুলিশ জানায়, নিহতদের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এলএনডি/এমআর






