সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে দুই বাংলাদেশি নিহত

Liberty News Desk

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতের অভ্যন্তরে খাসিয়াদের গুলিতে দুই বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের দমদমা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন উত্তর রণিখাই ইউনিয়নের পূর্ব তুরুং গ্রামের বোরহান উদ্দিনের ছেলে আশিকুর রহমান (২২) এবং একই ইউনিয়নের বরম সিদ্দিপুর গ্রামের আজমন আলীর ছেলে ইয়াকুব আলী।

স্থানীয় বাসিন্দা ও বিজিবি সূত্রে জানা যায়, দমদমা সীমান্ত থেকে প্রায় ৬০০ গজ ভারতের ভেতরে রাজনটিলা এলাকায় ভারতীয় খাসিয়ারা গুলি চালায়। এতে আশিকুর রহমান ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে তার সঙ্গে থাকা ব্যক্তিরা মরদেহটি বাংলাদেশ সীমান্তে নিয়ে আসে।

এদিকে একই এলাকার পৃথক ঘটনায় খাসিয়াদের গুলিতে আহত হন ইয়াকুব আলী। গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত দেশের ভেতরে এনে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে বিজিবি সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল ইসলাম জানান, ঘটনাটি সীমান্তের ভারতীয় অংশে প্রায় দেড় কিলোমিটার ভেতরে ঘটেছে। তার ভাষ্য অনুযায়ী, খাসিয়াদের সুপারি বাগান এলাকায় সুপারি চুরির সময় গুলির ঘটনা ঘটে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন