রাজধানীতে জুলাই ঐক্যের উদ্যোগে ঘোষিত ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছে। কর্মসূচিকে কেন্দ্র করে প্রগতি সরণিতে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়।
বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে রামপুরা ব্রিজ এলাকা থেকে লং মার্চ শুরু হয়। তবে বিকেল ৪টার দিকে বাড্ডার হোসেন মার্কেটের সামনে পুলিশ ব্যারিকেড দিয়ে মিছিলটি আটকে দেয়।
সামনে এগোতে না পেরে জুলাই ঐক্যের নেতাকর্মীরা প্রগতি সরণিতেই অবস্থান নেন। এ সময় তারা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। পাশাপাশি জুলাই মাসের হত্যাকাণ্ডে অভিযুক্ত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবি জানান তারা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলির ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিও তোলা হয়।
পুলিশের ব্যারিকেড এবং সড়কে কর্মসূচির কারণে বিকেল ৩টা থেকেই প্রগতি সরণিতে যানবাহন চলাচল কার্যত বন্ধ হয়ে পড়ে, ফলে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
এলএনডি/এমআর






