রাজধানীর দক্ষিণখান এলাকায় প্রকাশ্যে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার (১৫ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে দক্ষিণখানের নদ্দাপাড়ার তালতলা মোড়ে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়।
নিহত ব্যক্তি শাহজাহান শেখ (৪৫)। তিনি আশকোনা ডিলার বাড়ির হাকিম উদ্দিনের ছেলে। স্থানীয় সূত্র জানায়, শাহজাহান শেখ বিমানবন্দর থানা যুবলীগের সভাপতি পদপ্রার্থী ছিলেন। পাশাপাশি তিনি আশকোনা কমিউনিটি পুলিশের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতেন এবং ডিশ সংযোগের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।
এলাকার ব্যবসায়ী মাহফুজুর রহমান মিয়াদ জানান, শাহজাহান শেখ একটি গলি দিয়ে দৌড়ে তালতলা মোড়ের দিকে আসার সময় কয়েকজন দুর্বৃত্ত পেছন থেকে তাকে ধাওয়া করে। পরে তারা প্রকাশ্যেই ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে হত্যা করে। গুরুতর আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। যাওয়ার সময় তারা ব্যবহৃত একটি চাপাতি ও একটি টুপি ফেলে যায়।
ঘটনার খবর পেয়ে দক্ষিণখান থানা পুলিশ, র্যাব, ডিবি ও অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করেন।
দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম জানান, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে শাহজাহান শেখের মাথা ও শরীরের বিভিন্ন অংশে আঘাত করে নিশ্চিতভাবে হত্যা করে পালিয়ে যায়। লাশের সুরতহালসহ আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি।
এলএনডি/এমআর






