সাভারে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার রাতে ঢাকা–আরিচা মহাসড়কের সাভার পৌর এলাকার গেন্ডা সার্ভিস লেনে এ অগ্নিকাণ্ড ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী।
সাভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মেহেরুল ইসলাম জানান, রাত ১১টার দিকে বাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই বাসটি ব্যাপকভাবে পুড়ে যায়।
পুলিশ জানায়, বাসটি সাভার থেকে আউকপাড়া এলাকায় টেন সু নামের একটি জুতার কারখানার শ্রমিক পরিবহনে ব্যবহৃত হতো। ঘটনার সময় বাসটির মালিক বা চালক কাউকেই ঘটনাস্থলে পাওয়া যায়নি।
ঘটনার খবর পেয়ে সাভার মডেল থানা, সাভার হাইওয়ে পুলিশ ও গোয়েন্দা পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে কে বা কারা বাসে আগুন দিয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এলএনডি/এমআর






