৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিতের দাবিতে আন্দোলনরত প্রার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া–পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় পাঁচজন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিতে আসেন।
মঙ্গলবার সন্ধ্যার দিকে আহত অবস্থায় তাদের ঢামেকে আনা হয়। আহতরা হলেন—শাকিল আহমেদ (২৬), আশিকুর রহমান (২৫), শাহিনুর (২৮), আবরার শাহরিয়ার উল্লাস (২৮) এবং রিয়াজ (২৭)। এদের মধ্যে শাহিনুরের মাথায় লাঠির আঘাত রয়েছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক ফারুক জানান, শাহবাগ এলাকায় সংঘর্ষের পর পাঁচজন বিসিএস পরীক্ষার্থী জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসেন।
আহতদের বক্তব্য অনুযায়ী, দুপুর সাড়ে ১২টার দিকে তারা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পদযাত্রা শুরু করে বিকেলে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’র দিকে যাত্রা করতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। সামনে এগোতে চাইলে পুলিশ জলকামান, সাউন্ড গ্রেনেড ও লাঠি ব্যবহার করে, এতে বেশ কয়েকজন আহত হন।
প্রার্থীরা অভিযোগ করেন, পূর্ববর্তী বিসিএস পরীক্ষায় ছয় মাস থেকে এক বছর সময় দেওয়া হলেও এবার মাত্র ৫০ দিনের প্রস্তুতির সময় রাখা হয়েছে, যা তাদের মতে সম্পূর্ণ অযৌক্তিক।
এলএনডি/এমআর






