গত ১০ মাসে রাজধানীতে মোট ১৯৮টি হত্যাকাণ্ডের ঘটনা নথিভুক্ত হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে ডিএমপির উপ-পুলিশ কমিশনার ও মুখপাত্র তালেবুর রহমান এ তথ্য উপস্থাপন করেন।
তিনি জানান, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত প্রতি মাসে গড়ে প্রায় ২০টি করে হত্যাকাণ্ড ঘটেছে। এসব ঘটনার বেশির ভাগেরই রহস্য উৎঘাটন করতে সক্ষম হয়েছে পুলিশ—এ দাবি করেন তিনি।
পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যা প্রসঙ্গে তিনি বলেন, ঘটনাটি নিয়ে পুলিশ গভীরভাবে তদন্ত চালাচ্ছে। এ পর্যন্ত একজনকে আটক করা হয়েছে। বাকি দুইজনকে গ্রেপ্তার করা গেলে পুরো ঘটনাটির পটভূমি আরও স্পষ্ট হবে।
তিনি আরও জানান, এখনো নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো মামলা করা হয়নি।
উল্লেখ্য, সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে পল্লবীর পুরোনো থানা সংলগ্ন সি ব্লকে একটি হার্ডওয়্যার দোকানে ঢুকে যুবদল নেতা গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যা করা হয়।
এলএনডি/এমআর






