রাজধানীর পল্লবীতে যুবদলের পল্লবী থানা শাখার সদস্যসচিব গোলাম কিবরিয়াকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, সন্ধ্যা প্রায় ৬টা ৪০ মিনিটে পল্লবী সেকশন–১২-এর বিক্রমপুর হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারিতে বসেছিলেন গোলাম কিবরিয়া। ঠিক সেই সময় একটি মোটরসাইকেলে করে তিনজন আততায়ী দোকানে ঢুকে তার মাথা, বুক ও পিঠে পিস্তল ঠেকিয়ে পরপর ৭ রাউন্ড গুলি করে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করে পুলিশ।
গুরুতর আহত অবস্থায় কিবরিয়াকে তাৎক্ষণিকভাবে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
যুবদলের কেন্দ্রীয় সভাপতি মোনায়েম মুন্না বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। পল্লবী থানার ওসি মফিজুর রহমানও ঘটনাটি স্বীকার করে বলেন, নিহত ব্যক্তি যুবদলের স্থানীয় নেতা ছিলেন। কারা এ হামলা চালিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে পল্লবী এলাকা ও সোহরাওয়ার্দী হাসপাতাল চত্বরে যুবদল ও বিএনপি নেতাকর্মীদের ভিড় জমতে থাকে। পুরো এলাকায় উত্তেজনাকর পরিবেশ বিরাজ করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী অতিরিক্ত নিরাপত্তা নিয়েছে।
এলএনডি/এমআর






