সাভারের আশুলিয়ায় সড়কের পাশে পার্ক করা আলিফ পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছে। সৌভাগ্যক্রমে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বুধবার (১২ নভেম্বর) ভোররাতে আশুলিয়ার সরকার মার্কেট এলাকার নারী ও শিশু হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান।
তিনি জানান, খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই বাসটি সম্পূর্ণভাবে পুড়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাইপাইল-আব্দুল্লাহপুর রুটে চলাচলকারী বাসটি সড়কের পাশে পার্ক করা ছিল। হঠাৎ অজ্ঞাত পরিচয়ের কয়েকজন ব্যক্তি এসে বাসে আগুন ধরিয়ে পালিয়ে যায়।
ডিইপিজেড ফায়ার স্টেশনের কর্মকর্তা প্রণব চৌধুরী বলেন, খবর পাওয়ার পরপরই আমাদের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
বাসচালক আব্দুস সাত্তার জানান, সম্প্রতি এলাকায় বাসে অগ্নিসংযোগের ঘটনা বাড়ায় তিনি নিরাপত্তার জন্য বাসেই ঘুমাতেন। ভোরে হঠাৎ উত্তাপ অনুভব করে ঘুম থেকে উঠে দেখেন, মোটরসাইকেলে করে দুই যুবক দ্রুত পালিয়ে যাচ্ছে। তার দাবি, আগুনে বাসটি পুড়ে গিয়ে মালিক সোহেল সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
এ বিষয়ে আশুলিয়া থানার ওসি জানান, সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের সদস্যরা সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ছড়িয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাদের কিছু কর্মী রাজধানী ও আশপাশের এলাকায় ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ এবং যানবাহনে অগ্নিসংযোগ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে।
তিনি আরও বলেন, এসব ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে।
এলএনডি/এমআর






