সুন্দরবনের পশুর নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ যুক্তরাষ্ট্রপ্রবাসী সাবেক পাইলট রিয়ানা আবজাল (২৮)-এর মরদেহ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড।
নিখোঁজের দুই দিন পর, সোমবার (১০ নভেম্বর) সকালে মোংলার সাইলো জেটির কাছে নদী থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে শনিবার (৮ নভেম্বর) দুপুরে সুন্দরবনের ঢাংমারি ও পশুর নদীর মোহনায় পর্যটকবাহী ট্রলারডুবির ঘটনায় রিয়ানা নিখোঁজ হন।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, উদ্ধারকৃত মরদেহ চাঁদপাই নৌ পুলিশ ফাঁড়ির কাছে হস্তান্তর করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তা পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রিয়ানা আবজাল রাজধানীর উত্তরার আবুল কালাম আজাদের মেয়ে এবং তাদের গ্রামের বাড়ি বরিশালে। তিনি পেশায় পাইলট ছিলেন এবং পরবর্তীতে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।
পরিবারসহ সুন্দরবনের ঢাংমারি এলাকার ‘ম্যানগ্রোভ ভ্যালি’ রিসোর্টে অবস্থান করছিলেন রিয়ানা। শনিবার সকালে ১৩ জন পর্যটক একটি নৌকায় করে করমজল পর্যটনকেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেন। পথে ঢেউয়ের তোড়ে নৌকাটি উল্টে গেলে সবাই নদীতে পড়ে যান। অনেকে সাঁতরে তীরে উঠলেও, কয়েকজনকে স্থানীয়রা উদ্ধার করেন। তবে রিয়ানা নিখোঁজ ছিলেন, এবং দুই দিন পর তার মরদেহ উদ্ধার করা হয়।
এলএনডি/এমআর






