দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে এক নবজাতক কন্যাশিশুকে ফেলে রেখে গেছেন তার স্বজনরা। বৃহস্পতিবার সন্ধ্যায় হাসপাতালের শিশু ওয়ার্ডের একটি বেডে শিশুটিকে রেখে পালিয়ে যান তারা।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সন্ধ্যা ছয়টার দিকে শিশুটিকে ভর্তি করা হয়। রেজিস্টারে মায়ের নাম লেখা হয় ইনছুয়ারা, বাবার নাম শাহিনুর, ঠিকানা— আলাদিপুর, ফুলবাড়ী। শিশুটির বিছানার পাশে একটি বাজারের ব্যাগে ওষুধ, কাপড় ও একটি চিরকুট পাওয়া যায়।
সেখানে লেখা ছিল, “আমি মুসলিম, আমি হতভাগী। পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম। দয়া করে কেউ নিয়ে যাবেন। বাচ্চার জন্মতারিখ ৪ নভেম্বর ২০২৫, মঙ্গলবার।”
ইন্টার্ন চিকিৎসক গোলাম আহাদ জানান, পঞ্চাশোর্ধ্ব এক দম্পতি শিশুটিকে হাসপাতালে এনে নিজেদের নানা-নানি হিসেবে পরিচয় দেন। চিকিৎসকরা শিশুটির মায়ের খোঁজ চাইলে তারা জানান, মা নিচে আছেন। পরে মাকে আনতে যাওয়ার কথা বলে তারা বেরিয়ে যান, কিন্তু আর ফিরে আসেননি। কিছুক্ষণ পরই শিশু ওয়ার্ডের সামনে নবজাতকটিকে পড়ে থাকতে দেখেন অন্যরা।
চিকিৎসক আহাদ আরও জানান, নবজাতকটি নির্ধারিত সময়ের আগে জন্মালেও বর্তমানে সুস্থ আছে। তাকে ওয়ার্মারে রাখা হয়েছে এবং ফটোথেরাপি দেওয়া হচ্ছে। অন্য মায়েদের কাছ থেকে শিশুটিকে বুকের দুধ খাওয়ানো হচ্ছে।
শুক্রবার দুপুরে বিষয়টি জানাজানি হলে শিশুটিকে দত্তক নিতে হাসপাতালে ভিড় করেন অনেকে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, শিশুটির চিকিৎসা চলছে এবং দত্তক প্রক্রিয়া নিয়ে পরবর্তী সিদ্ধান্ত সংশ্লিষ্ট বিভাগ ও প্রশাসনের সঙ্গে আলোচনা করে নেওয়া হবে।
এলএনডি/এমআর






