হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন কমপক্ষে ২০ জন যাত্রী। মঙ্গলবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার কদমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি আবু তাহের।
পুলিশ জানায়, ঢাকাগামী রয়েল পরিবহনের একটি বাস ও সিলেটগামী এনা পরিবহনের অন্য একটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুজন মারা যান। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালান। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
ওসি আবু তাহের বলেন, “দুই বাসের সংঘর্ষে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মৃতদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এলএনডি/এমআর






