গাজীপুর সিটি করপোরেশনের হায়দ্রাবাদ এলাকায় অভিযান চালিয়ে জবাইকৃত ঘোড়ার মাংস ও ৩৭টি জীবিত ঘোড়া উদ্ধার করেছে জেলা প্রশাসন ও প্রাণিসম্পদ অধিদপ্তর। মঙ্গলবার (৪ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১ এর সহায়তায় যৌথ এই অভিযান পরিচালিত হয়।
অভিযানের নেতৃত্ব দেন গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ। তিনি জানান, অভিযানের খবর পেয়ে ঘোড়া জবাই চক্রের সদস্যরা পালিয়ে যায়, ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরও জানান, উদ্ধারকৃত ঘোড়াগুলো জবাই করে মাংস বিক্রির উদ্দেশ্যে সেখানে আনা হয়েছিল। তবে কাউকে আটক করা না গেলেও উদ্ধারকৃত ঘোড়া ও মাংস স্থানীয় এক ব্যক্তির জিম্মায় রাখা হয়েছে। বুধবার সকালে প্রাণিসম্পদ অধিদপ্তরের কাছে এসব হস্তান্তর করা হবে।
গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের সার্জন ডা. হারুন-রোমান জানান, উদ্ধারকৃত ঘোড়াগুলোর বেশ কয়েকটি অসুস্থ এবং জব্দ করা মাংসে টক্সিন পাওয়া গেছে, যা মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর।
তিনি সতর্ক করে বলেন, ‘ঘোড়ার মাংসে বিষাক্ত উপাদান শনাক্ত হয়েছে, তাই কেউ যেন এই মাংস কিনে বা খেয়ে ঝুঁকি না নেন।’
এলএনডি/এমআর






