ঝিনাইদহের মহেশপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার যাদবপুর বাজারে জামায়াতের গণসংযোগ চলাকালে এ সংঘর্ষ হয়।
এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছেন। পরে উপজেলা জামায়াতের পক্ষ থেকে মহেশপুর থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।
অভিযোগপত্রে যাদবপুর গ্রামের আফসার আলীর ছেলে আশরাফুল, মন্টু মিয়ার ছেলে ছফর আলী, সবুজ মিয়া, সাইদুল ইসলাম, রেজাউলের ছেলে হাসান আলী, মোজাম্মেলের ছেলে সাইদ এবং ইরশাদ মেম্বারের ছেলে হবিবার রহমানের নাম উল্লেখ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গণসংযোগ শেষে মাগরিবের নামাজের সময় জামায়াত ও বিএনপি কর্মীদের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষ লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ছয়জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
মহেশপুর উপজেলা জামায়াতের আমির ফারুক আহম্মদ বলেন, “আমাদের নেতাকর্মীরা যাদবপুর বাজারে গণসংযোগ শেষে নামাজে যাচ্ছিলেন। সে সময় বিএনপির কর্মীরা বিনা উসকানিতে হামলা চালায়। এতে কয়েকজন আহত হয়েছেন। আমরা থানায় অভিযোগ দাখিল করেছি।”
অন্যদিকে, মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি বলেন, “আমি বর্তমানে ঢাকায় আছি। শুনেছি, যাদবপুর বাজারে আমাদের কয়েকজন কর্মীকে মারধর করেছে জামায়াতের লোকজন। এর বাইরে বিস্তারিত জানি না।”
এ বিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, “ঘটনার বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এলএনডি/এমআর






