পাবনা সদর উপজেলার বাঙ্গাবাড়িয়া এলাকায় ট্রাকের ধাক্কায় ভ্যানে থাকা তিন যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পঞ্চম শ্রেণির দুই শিক্ষার্থী রয়েছে বলে জানা গেছে। তবে তাদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।
রবিবার (২৬ অক্টোবর) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ঢাকা–পাবনা মহাসড়কে যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ থাকে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে দুই শিক্ষার্থীকে নিয়ে একটি ভ্যান রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এসময় পাবনামুখী বাঁশবোঝাই একটি দ্রুতগামী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ভ্যানচালক ও দুই শিক্ষার্থী ঘটনাস্থলেই প্রাণ হারান।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
হাইওয়ে থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক পলাতক। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।
এলএনডি/এমআর






