চলন্ত সিএনজির পেছনে ঝুলছেন ‘চালক’, ভেতর থেকে ছুরিকাঘাত

Liberty News Desk
ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে চলন্ত একটি সিএনজিচালিত অটোরিকশায় ছিনতাইয়ের চেষ্টা ও চালককে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় জনমনে ব্যাপক আলোচনা শুরু হলেও ঘটনাটি কখন এবং কোথায় ঘটেছে, তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

জানা গেছে, বৃহস্পতিবার (২৩ অক্টোবর) গভীর রাতে কক্সবাজারগামী এক যাত্রী নাজির উদ্দিন শাহ তার ফেসবুক অ্যাকাউন্টে ভিডিওটি প্রকাশ করেন। তিনি দাবি করেন, রাত ১২টা ২০ মিনিটের দিকে বন্দর উপজেলার মদনপুর এলাকায় ঘটনাটি ঘটে। ভিডিওটি আপলোডের পরপরই তা ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, চলন্ত একটি সিএনজির পেছনে এক যুবক ঝুলছেন। এ সময় ভেতরে থাকা দুই ব্যক্তি পর্যায়ক্রমে ডান ও বাম পাশের দরজা খুলে ছুরি দিয়ে ওই যুবককে আঘাত করার চেষ্টা করেন। যুবকটি নিজেকে রক্ষার জন্য দিক পরিবর্তন করে লড়াই করতে থাকেন। ধারণা করা হচ্ছে, সিএনজির পেছনে ঝুলে থাকা যুবকটি অটোরিকশার চালক।

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ মোর্শেদ বলেন, “ভিডিওটি আমাদের নজরে এসেছে। ঘটনার সময় ও স্থান নিশ্চিত করতে কাজ চলছে। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি।”

বন্দর থানার ওসি লিয়াকত আলী বলেন, “শুধু ভিডিও দেখে সুনির্দিষ্ট স্থান নির্ধারণ করা সম্ভব নয়, তবে আমাদের ধারণা ঘটনাটি মদনপুর থেকে লাঙ্গলবন্দের মাঝামাঝি কোথাও ঘটেছে। তদন্ত চলছে।”

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, “ভিডিওতে দেখা যায়, ছিনতাইকারীরা অটোরিকশা দখল করার চেষ্টা করে। চালক পেছনে ঝুলে পড়ে সেটি থামানোর চেষ্টা করলে তাকে ছুরি দিয়ে আঘাত করা হয়। পরে ছিনতাইকারীরা একটি মোবাইল ফোন ফেরত দেয়। ভিডিওটি একটি বাসের যাত্রী ধারণ করেছিলেন।”

তিনি আরও বলেন, “এ ঘটনায় মদনপুর সিএনজি স্ট্যান্ড ও আশপাশের এলাকায় অনুসন্ধান চালানো হয়েছে। তবে এখনো অটোরিকশাটি বা সংশ্লিষ্টদের সন্ধান পাওয়া যায়নি। এ বিষয়ে কোনো অভিযোগ বা মামলা দায়েরও হয়নি।”

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন