ছাত্র সমন্বয়ক পরিচয়ে সন্ত্রাসী কার্যক্রম ও চাঁদাবাজিতে জড়িত থাকার অভিযোগে আসাদুর রহমান আকাশ (২৪) ও তার দুই সহযোগীকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। শুক্রবার ভোর রাতে গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর উত্তরার দক্ষিণখান এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
যৌথবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমন কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়। গ্রেফতারকৃত আকাশ দীর্ঘদিন ধরে নিজেকে ‘ছাত্র সমন্বয়ক’ পরিচয় দিয়ে চাঁদাবাজি, মামলা বানিজ্য, কিশোর গ্যাং পরিচালনা ও সাংবাদিকদের ওপর হামলাসহ নানা অপরাধে জড়িত ছিল।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত বছরের আগস্ট থেকে আকাশ ও তার সহযোগীরা উত্তরা এলাকায় বিভিন্ন দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান থেকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করে আসছিল। তারা মামলা নিষ্পত্তির নামে বিভিন্ন ব্যক্তির কাছ থেকেও মোটা অঙ্কের টাকা আদায় করত।
একটি ঘটনায় সাংবাদিকের ওপর হামলার সিসিটিভি ফুটেজে আকাশকে স্পষ্টভাবে চিহ্নিত করা গেছে। ফুটেজে দেখা যায়, আকাশ সাংবাদিকের গলা চেপে ধরে একের পর এক ঘুষি মারছেন।

জিজ্ঞাসাবাদে আকাশ স্বীকার করেছেন, তিনি ‘ছাত্র সমন্বয়ক’ পরিচয় ব্যবহার করে একাধিক কিশোর গ্যাং পরিচালনা করতেন এবং বিভিন্ন সময় স্থানীয় বাজার দখল ও মারধরের মাধ্যমে টাকা আদায় করতেন। গ্রেফতারের পর আসাদুর রহমান আকাশ, ফরিদ উদ্দিন (২৬) ও রবিন (২৫)-কে উত্তরা পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে।
যৌথবাহিনীর এক কর্মকর্তা বলেন, “দেশে আইন-বহির্ভূত কর্মকাণ্ড প্রতিরোধ ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান চলমান থাকবে।”
এলএনডি/এমআর






