পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপ এবং সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে আগামী তিন দিন পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
গত ২৪ ঘণ্টায় সারাদেশেই বৃষ্টি হয়েছে, যার মধ্যে রাজধানী ঢাকায় রেকর্ড করা হয়েছে সর্বোচ্চ ২০৬ মিলিমিটার বৃষ্টিপাত।
বুধবার (১ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে—রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে ভারী (৪৪-৮৮ মিমি/২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (১৮৮ মিমি/২৪ ঘণ্টা) বৃষ্টি হতে পারে।
এছাড়া, ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পার্বত্য অঞ্চলে ভূমিধসের ঝুঁকি এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কিছু এলাকায় অস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
ঢাকা ও আশপাশের এলাকার জন্য সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেওয়া আলাদা পূর্বাভাসে বলা হয়েছে—এই সময়ের মধ্যে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। দক্ষিণ বা দক্ষিণ–পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০–১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। পাশাপাশি দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে।
সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৮ শতাংশ।
এলএনডি/এমআর






