অবরোধের কারণে সাজেকে আটকে পড়া ৪০০-র বেশি পর্যটককে সেনাবাহিনীর সহায়তায় নিরাপদে খাগড়াছড়িতে ফিরিয়ে আনা হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে দীঘিনালা সেনা জোন ও বাঘাইহাট সেনা জোনের যৌথ উদ্যোগে তাদের দীঘিনালার জোড়া ব্রিজ এলাকা হয়ে খাগড়াছড়ি জেলা সদরে পৌঁছে দেওয়া হয়।
ঢাকা থেকে যাওয়া পর্যটক মো. হারুন অর রশিদ বলেন, “অবরোধের কারণে আমরা সাজেকে আটকে পড়েছিলাম। স্থানীয়দের সহায়তা ও সেনাবাহিনীর নিরাপত্তা ব্যবস্থার কারণে আমরা নিরাপদে ফিরতে পেরেছি। এজন্য আমরা কৃতজ্ঞ।”
হলিক্রিসেন্ট কলেজের শিক্ষার্থী বুসরা বলেন, “অবরোধের খবর শুনে প্রথমে ভয় পেয়েছিলাম। তবে স্থানীয়দের সহায়তা ও সেনাবাহিনীর উপস্থিতি আমাদের সাহস জুগিয়েছে। নিরাপদে ফিরে স্বস্তি লাগছে।”
পর্যটকদের খাগড়াছড়ি জেলা সদরে পৌঁছে দেওয়ার পর তারা বিভিন্ন বাসে নিজ নিজ গন্তব্যে রওনা হন।
এ বিষয়ে খাগড়াছড়ির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, “সেনাবাহিনীর তৎপরতায় আটকে থাকা সব পর্যটককে নিরাপদে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”
এলএনডি/এমআর






