গাজীপুরের টঙ্গীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ৩টার দিকে টঙ্গীর সাহারা সুপার মার্কেট সংলগ্ন একটি কেমিক্যাল গুদামে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং আশপাশের এলাকা ঘন ধোঁয়ায় ঢেকে যায়।
খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে আগুনের তীব্রতার কারণে ফায়ার সার্ভিসের কয়েকজন কর্মী এবং স্থানীয় শ্রমিক আহত হন। এ ঘটনায় ফায়ার সার্ভিসের পাঁচ সদস্য ও তিন শ্রমিক দগ্ধ হয়েছেন। তাঁদের প্রাথমিকভাবে টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করা হলেও পরে অবস্থার অবনতি হলে জাতীয় বার্ন ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। স্থানীয় সূত্র জানায়, গুদামে কেমিক্যাল মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং নেভাতে সময় লাগছে।
স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, টঙ্গীর সাহারা মার্কেট ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে অসংখ্য কেমিক্যাল গুদাম গড়ে উঠেছে। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় সবসময় বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি থাকে। তাঁদের দাবি, এ ধরনের ঝুঁকিপূর্ণ গুদামগুলোর ওপর প্রশাসনের কঠোর নজরদারি ও ব্যবস্থা নেওয়া জরুরি।
ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানিয়েছেন, আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। তদন্ত শেষে কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যাবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গুদামের ভেতরে থাকা দাহ্য রাসায়নিক থেকেই এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।
এলএনডি/এমআর






