চুরির অপবাদে কুকুর লেলিয়ে দিয়ে যুবককে নির্যাতন, আটক ৩

Liberty News Desk
ছবি : সংগৃহীত

কুমিল্লার বুড়িচংয়ে চুরি সন্দেহে এক যুবককে কুকুর লেলিয়ে নির্যাতনের ঘটনায় তিনজনকে আটক করেছে র‍্যাব ও পুলিশ। নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়।

ঘটনাটি ঘটে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে, উপজেলার ময়নামতি ইউনিয়নের দেবপুর এলাকায় সাকুরা স্টিল মিলের সামনে। শনিবার (২০ সেপ্টেম্বর) বিষয়টি নিয়ে র‍্যাব-১১ সিপিসি-২ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

ভুক্তভোগী জয় চন্দ্র সরকার (৩২) ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার শীতলপুর গ্রামের বাসিন্দা। স্থানীয়দের দাবি, ওই স্টিল মিলে বেশ কিছুদিন ধরে চুরির ঘটনা ঘটছিল। জুমার নামাজের সময়কে কেন্দ্র করেই বেশিরভাগ চুরি হতো। সেই সূত্রে মিলের নিরাপত্তাকর্মী ও শ্রমিকরা ওই দিন সতর্ক অবস্থায় ছিলেন। জয় মিলের ভেতরে প্রবেশ করলে নিরাপত্তাকর্মীরা দুটি কুকুর তার ওপর লেলিয়ে দেন। কুকুরের আক্রমণে আহত হওয়ার পাশাপাশি তাকে লাঠি দিয়েও প্রহার করা হয়।

ভিডিওতে দেখা যায়, দুইটি কুকুর জয়কে একযোগে কামড়াচ্ছে, একই সঙ্গে কয়েকজন যুবক লাঠি দিয়ে আঘাত করছে। অসহায় জয় জীবন ভিক্ষা চাইছিলেন।

পরে ভিডিওটি ভাইরাল হলে র‍্যাব-১১ সিপিসি-২ ও বুড়িচং থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে শান্ত ইসলাম, মোহাম্মদ লিপু ও সজিব নামে তিনজনকে আটক করে।

বুড়িচং থানার ওসি আজিজুল হক জানান, ভুক্তভোগী থানায় মামলা করেছেন। ভিডিও ফুটেজ পর্যালোচনার ভিত্তিতে তিনজনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদেরকে র‍্যাবের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন