পালানোর সময় ১৭ বিয়ে করা সেই বন কর্মকর্তা আটক

Liberty News Desk
ছবি : সংগৃহীত

বরিশালে আলোচিত বন কর্মকর্তা কবির হোসেন পাটোয়ারীকে পালানোর সময় স্থানীয়রা আটক করেছেন। তিনি সাময়িক বরখাস্ত হওয়ার পর সরকারি কোয়ার্টার থেকে ট্রাকে করে মালামাল সরিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে নগরীর নথুল্লাবাদ এলাকায় বন বিভাগের কোস্টাল সার্কেল কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের দাবি, তিনি সরকারি বাসভবন থেকে সরকারি মালামাল বের করে নেওয়ার চেষ্টা করছিলেন। পরে এলাকাবাসী তাকে ধরে পুলিশের হাতে সোপর্দ করে। পুলিশ ট্রাকভর্তি মালামালসহ কবির হোসেনকে থানায় নিয়ে যায়।

বরিশাল সদর ফরেস্টার আবু সুফিয়ান সাকিব জানান, দায়িত্বে থাকাকালীন সময়ে কবির হোসেন তার কাছ থেকে ঋণের নামে প্রায় সাত লাখ টাকা নিয়েছেন, এছাড়াও স্থানীয়দের কাছ থেকেও টাকা ধার করেছিলেন। তিনি আরও বলেন, ট্রাকে থাকা কিছু মাল সরকারি সম্পদও ছিল, যা নামিয়ে রাখা হয়েছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. রিয়াজ বলেন, সরকারি মালামাল সরানোর অভিযোগের পাশাপাশি স্থানীয়রা আর্থিক লেনদেনের দাবি করেছেন। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।

তবে, পালানোর অভিযোগ অস্বীকার করেছেন কবির হোসেন পাটোয়ারী। তিনি সাংবাদিকদের কাছে কোনো মন্তব্য না করে বরং হুমকি ও অভিশাপ দেন।

এর আগে নানা প্রলোভনে ১৭টি বিয়ে করার অভিযোগে আলোচনায় আসেন এই কর্মকর্তা। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়। গত মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) নিজেও বরখাস্তের বিষয়টি স্বীকার করেছিলেন তিনি।

জানা যায়, চলতি বছরের ৯ এপ্রিল এক স্ত্রী প্রতারণা, যৌতুক দাবি ও নির্যাতনের অভিযোগ এনে লিখিত অভিযোগ করেন। এর আগে ২০১৯ সালেও তার বিরুদ্ধে আদালতে মামলা হয়, যা এখনো বিচারাধীন। অভিযোগ তদন্তে মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাইদুর রহমান সরেজমিন তদন্ত করে প্রমাণ পান। পরদিন ভুক্তভোগীরা মানববন্ধনও করেন।

চাঁদপুরের তুষপুর গ্রামের সন্তান কবির হোসেন আগে ঢাকা, খুলনা, সিরাজগঞ্জ ও বাগেরহাটসহ বিভিন্ন জেলায় কর্মরত ছিলেন। নারীদের প্রলোভনে ফেলার অভিযোগে এর আগে আরও দু’বার সাময়িক বরখাস্ত হয়েছিলেন তিনি। তবে রাজনৈতিক প্রভাব খাটিয়ে পুনর্বহাল হন।

এদিকে, মঙ্গলবার বরিশাল মহানগর আদালতে তার বিরুদ্ধে নতুন করে মামলা দায়ের করা হয়েছে, যা তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন আদালত।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন