ভাঙ্গা থানায় ভাঙচুরের ঘটনায় নিক্সন চৌধুরীসহ ২৯ জনের নামে মামলা

Liberty News Desk

ফরিদপুরের ভাঙ্গা থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের হয়েছে। এ মামলায় ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের সাবেক সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সনকে প্রধান আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

মঙ্গলবার ভাঙ্গা থানার উপ-পরিদর্শক আজাদুজ্জামান বাদী হয়ে মোট ২৯ জনের নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলাটি দায়ের করেন। এতে হামিরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোকন মিয়াকে মামলার ২ নম্বর আসামি করা হয়েছে।

এর আগে দ্রুত বিচার আইনে আরেকটি মামলায় আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে গ্রেফতার করে পুলিশ। নতুন দায়ের হওয়া মামলায় থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় প্রায় ৪০ লাখ টাকার ক্ষতির কথা উল্লেখ করা হয়েছে।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শামছুল আজম বুধবার দুপুরে এ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের এক গেজেটে ফরিদপুর-৪ আসনের অন্তর্ভুক্ত ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে বাদ দিয়ে নগরকান্দা ও সালথাকে যুক্ত করে ফরিদপুর-২ আসন পুনর্গঠন করা হয়। এর প্রতিবাদে ভাঙ্গাবাসী টানা আন্দোলন কর্মসূচি ঘোষণা করে। প্রথম দফায় ৫ সেপ্টেম্বর মহাসড়ক অবরোধ করা হলেও প্রশাসনের আশ্বাসে তা সাময়িকভাবে স্থগিত করা হয়। পরে ৯-১১ সেপ্টেম্বর ও ১৪-১৬ সেপ্টেম্বর পর্যন্ত ধারাবাহিক অবরোধ পালিত হয়।

গত রবিবার আন্দোলনের অংশ হিসেবে মহাসড়ক ও রেলপথ অবরোধ করলে একাধিক ট্রেন আটকা পড়ে এবং যাত্রীরা ভোগান্তিতে পড়েন। এর পরদিন সোমবার আন্দোলনের দ্বিতীয় দিনে ভাঙ্গা থানা, উপজেলা কমপ্লেক্স, হাইওয়ে থানা ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এ বিষয়ে ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা জানান, ভাঙ্গা উপজেলা কমপ্লেক্সে ঘটে যাওয়া সহিংসতার ঘটনায় আরও মামলা প্রস্তুতির কাজ চলছে।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন