মিরপুরে আদর্শ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা লাঞ্ছিত

Liberty News Desk
ছবি : সংগৃহীত

অনিক খান, ঢাকাঃ রাজধানীর মিরপুর ১০–এর আদর্শ উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রুবিয়া খাতুনকে লাঞ্ছিত করেছেন একদল ছাত্র। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ নিয়ে দীর্ঘদিনের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে নিয়মিত ক্লাস শেষে কয়েকজন ছাত্র রুবিয়া খাতুনের পথরোধ করে। তারা তাকে বিদ্যালয়ের একটি কক্ষে আটকে রেখে পদত্যাগের জন্য চাপ দিতে থাকে। এই সময় ছাত্ররা অশ্লীল স্লোগান দেয় এবং ঢোল বাজিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে। প্রায় তিন ঘণ্টা অবরুদ্ধ থাকার পর আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় সেনাবাহিনীর একটি টহল দল তাকে উদ্ধার করে।

বিদ্যালয়টির প্রধান শিক্ষকের পদ নিয়ে কয়েক বছর ধরে দ্বন্দ্ব চলছে। ২০২৫ সালের ২৮ জুন আর্থিক অনিয়ম ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তৎকালীন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূরে আলমকে এড হক কমিটি সাময়িক বরখাস্ত করে। পরে জ্যেষ্ঠতার ভিত্তিতে রুবিয়া খাতুনকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা করা হয়।

তবে বিদ্যালয় কর্তৃপক্ষের অভিযোগ, নূরে আলম এখনো পদটি ছাড়েননি এবং নবনিযুক্ত রুবিয়া খাতুনকে দায়িত্ব বুঝিয়ে দেননি। বরং তিনি বিদ্যালয়ের কিছু শিক্ষক ও ছাত্রদের উসকানি দিয়ে রুবিয়া খাতুনকে চাপ প্রয়োগ করছেন।

এড হক কমিটির সভাপতি কবির হোসেন বলেন, “বিদ্যালয়ের ভাবমূর্তি রক্ষায় রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ করা হয়েছে। স্থায়ী প্রধান শিক্ষক নিয়োগের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ জরুরি। নূরে আলম বিভিন্ন অনিয়মের সঙ্গে জড়িত ছিলেন। কোমলমতি শিক্ষার্থীদের এভাবে উসকে দেওয়া ভবিষ্যতের জন্য ক্ষতিকর।”

বিদ্যালয়ের তহবিল থেকে মামলা পরিচালনার নামে প্রায় তিন কোটি টাকার অনিয়ম, বিদ্যালয়ের জমি অনৈতিকভাবে লিজ দিয়ে অর্থ আত্মসাতসহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ কারণেই তাকে বরখাস্ত করা হয়েছিল।

অভিযোগ সম্পর্কে নূরে আলমের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

অভিযোগ রয়েছে, মঙ্গলবারের লাঞ্ছিত করার ঘটনাতেও নূরে আলমের প্রত্যক্ষ বা পরোক্ষ উসকানি ছিল। এ বিষয়ে তদন্ত চলছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন