নোয়াখালীর হাতিয়ায় বঙ্গোপসাগরে এমভি আবুল কালাম নামের একটি মাছ ধরার ট্রলার জলদস্যুদের আক্রমণে ডুবে যায়। প্রায় ২৪ ঘণ্টা সাগরে ভেসে থাকার পর অন্য ট্রলারের সহযোগিতায় ১৮ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে চরইশ্বর বাংলাবাজার ঘাটে তাদের আনা হয়। উদ্ধার হওয়া সবাই হাতিয়ার জাহাজমারা এলাকার আমতলী গ্রামের বাসিন্দা।
জেলেদের বরাত দিয়ে জানা যায়, শুক্রবার সকালে ট্রলারটি মাছ ধরতে বঙ্গোপসাগরে যায়। রোববার বিকেলে নিঝুমদ্বীপের দক্ষিণে হঠাৎ জলদস্যুরা তাদের ধাওয়া করে। জীবন ও সম্পদ রক্ষায় জেলেরা পালানোর চেষ্টা করলেও একপর্যায়ে জলদস্যুরা দ্রুতগামী নৌযান দিয়ে ধাক্কা দিলে ট্রলারটি উল্টে যায় এবং বেশিরভাগ অংশ সাগরে ডুবে যায়। পরে জলদস্যুরা চলে গেলে জেলেরা ট্রলারের ভাসমান অংশ আঁকড়ে ধরে রাত কাটায়।
ট্রলারের মালিক কালু মাঝি জানান, আক্রমণের পর ট্রলারের সামান্য অংশ ভেসে ছিল। সেটি ধরে তারা প্রায় ২৪ ঘণ্টা সাগরে ছিলেন। পরে অন্য দুটি মাছ ধরার ট্রলার তাদের দেখতে পেয়ে উদ্ধার করে। নিজের চোখের সামনে কোটি টাকার সম্পদ সাগরে হারাতে হয়েছে বলেও তিনি আক্ষেপ প্রকাশ করেন।
এ বিষয়ে হাতিয়া নৌপুলিশের ইনচার্জ আশিকুর রহমান বলেন, “ঘটনাটি আমরা শুনেছি। কিন্তু ঘটনাস্থল নিঝুমদ্বীপ থেকে অনেক দূরে হওয়ায় তাৎক্ষণিকভাবে কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। তাছাড়া গভীর সমুদ্রে অভিযানের মতো পর্যাপ্ত ভারী নৌযানও আমাদের কাছে নেই।”
এলএনডি/এমআর






