গাজীপুর সিটি করপোরেশনের দক্ষিণখান এলাকায় পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় একটি ড্রাম ট্রাকের মালিক ও চালক প্রাণ হারিয়েছেন। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত ১১টা ২৫ মিনিটের দিকে। বুধবার সকালে জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেন।
নিহতরা হলেন—ঢাকার উত্তরা পশ্চিম থানার কামারপাড়া এলাকার বাসিন্দা বাবুল খান (৫৫), যিনি ট্রাকটির মালিক এবং মানিকগঞ্জের ঘিওর উপজেলার পয়লা পূর্বপাড়া গ্রামের উজ্জ্বল হোসেন (৩৭), যিনি ছিলেন ট্রাকের চালক।
রেলওয়ে পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, ধীরাশ্রম এলাকার রেললাইন পার হওয়ার সময় ট্রাকটি লাইনের ওপর আটকে যায়। এ সময় ঢাকামুখী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন এসে ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের ফলে ট্রাকটি উল্টে পাশের রাস্তার ধারে পড়ে যায়।
এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই ট্রাকচালক উজ্জ্বল হোসেন প্রাণ হারান। আর গুরুতর আহত অবস্থায় ট্রাকের মালিক বাবুল খানকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়।
জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মাহমুদুল হাসান জানান, দুর্ঘটনার পরও ঢাকা-রাজশাহী রেলরুটে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত ড্রাম ট্রাকটি মাটি পরিবহনের কাজে ব্যবহৃত হতো।
এলএনডি/এমআর






