নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকা একটি অ্যাম্বুলেন্সে হঠাৎ বিস্ফোরণে আগুন ধরে যায়। এতে চালক বিজয় মিয়া (৩০) এবং রোগীর এক স্বজন রোজিনা বেগম (৫০) দগ্ধ হয়েছেন।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত ৮টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের সামনে।
দগ্ধ রোজিনার বোন ফরিদা বেগম জানান, তার আড়াই বছরের নাতি আয়ানকে অসুস্থ অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। পরে চিকিৎসকের পরামর্শে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার জন্য একটি শীতাতপ নিয়ন্ত্রিত অ্যাম্বুলেন্স ভাড়া করা হয়। চালক গাড়ি চালু করার সঙ্গে সঙ্গে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং আগুন ছড়িয়ে পড়ে। এতে রোজিনা বেগমের শরীরের ডান পাশ আংশিক পুড়ে যায়।
অ্যাম্বুলেন্সের মালিক ইকবাল খান বলেন, রোগী পরিবহনের জন্য গাড়িটি পার্কিংয়ে রাখা ছিল। রোগী ওঠার সময়ই বিস্ফোরণ ঘটে আগুন ধরে যায়।
দগ্ধ চালককে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। রোজিনা বেগমকে প্রাথমিক চিকিৎসার পর সেখানেও স্থানান্তর করা হয়।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, খবর পেয়ে মণ্ডলপাড়া স্টেশন থেকে একটি দল গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। গাড়িটিতে দুটি গ্যাস সিলিন্ডার ছিল, যেখান থেকে গ্যাস বের হয়ে আগুনের তীব্রতা বাড়ে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সিলিন্ডারে জমে থাকা গ্যাসের কারণে ইঞ্জিন চালু করার সময় বিস্ফোরণ ঘটে। তবে তদন্ত শেষে চূড়ান্ত কারণ জানা যাবে।
এলএনডি/এমআর






