খুলনার কয়রা উপজেলায় কবি ও সাংবাদিক ফরহাদ হোসেনের পিতা মো. নওশের আলী শেখ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার বিকেলে উপজেলার উত্তর বেদকাশি ইউনিয়নের নিজ গ্রামে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
জানাজায় অংশ নেন স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা। তাঁদের মধ্যে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ, কয়রা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান, সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্লাহ এবং বিএনপির খুলনা জেলা সদস্য এম এ হাসান।
এ ছাড়া উপস্থিত ছিলেন কয়রা সাংবাদিক ফোরামের সভাপতি তারিক লিটু,যুগ্ম সম্পাদক তাইজুল ইসলাম, কয়রা প্রেস ক্লাবের সভাপতি সদর উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক কামাল হোসেন, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রিয়াছাদ আলী, সাংবাদিক ইমতিয়াজ, ফরহাদ হোসেন ও গোলাম রব্বানীসহ স্থানীয় অনেক সাংবাদিক।
মো. নওশের আলী শেখের মৃত্যুতে কয়রা সাংবাদিক ফোরাম গভীর শোক প্রকাশ করেছে। বুধবার সকালে মধুর মোড়ে সংগঠনের কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন ফোরামের সভাপতি তারিক লিটু, সাধারণ সম্পাদক আবির হোসেন, সিনিয়র সহসভাপতি মোকার হোসেন, শাহ হিরো, যুগ্ম সম্পাদক জিয়াউল হাসান জিল্লু, মেহরাব হোসেন, রোকনুজ্জামান কাজল ও আশাফুর রহমান। তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
পারিবারিক সূত্রে জানা গেছে, নওশের আলী শেখ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
এলএনডি/এমআর






