ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রস্তাবিত আসন পুনর্বিন্যাসের শুনানিকালে সংঘর্ষের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) দুপুর ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের চান্দুরা এলাকার ডাকবাংলো মোড়ে স্থানীয়রা এ কর্মসূচি পালন করেন। এ সময় প্রায় আধাঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ হয়ে গেলে দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হলে যান চলাচল স্বাভাবিক হয়।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, শুনানিকালে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এর প্রতিবাদে তারা সংশ্লিষ্টদের শাস্তির দাবি জানান।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) মো. আতাউল্লাহ, উপজেলা প্রধান সমন্বয়ক প্রকৌশলী মোহাম্মদ আমিনুল হক চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য রাষ্টু সরকার, সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান ও এনসিপির নারী নেত্রী জয়ন্তী বিশ্বাস প্রমুখ।
বক্তব্যে আতাউল্লাহ বলেন, নির্বাচন কমিশনের শুনানি প্রক্রিয়াকে অশান্ত করে তোলা হয়েছে, যা গণতন্ত্রের জন্য ক্ষতিকর। তিনি অভিযোগ করেন, শুনানিতে তার নাম ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়েছে এবং বিজয়নগরের কয়েকটি ইউনিয়ন আসন থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, “সংরক্ষিত নারী আসনে সুযোগ নিয়ে এমপি হওয়া ব্যক্তির এখন ইউনিয়ন পুনর্বিন্যাস নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিজয়নগরবাসী ঐক্যবদ্ধভাবে এর প্রতিরোধ করবে।”
বিক্ষোভকারীরা ঘোষণা দেন, আগামী তিন দিনের মধ্যে ব্যবস্থা নেওয়া না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
এলএনডি/এমআর






