বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা সহপাঠী রোকনুজ্জামানকে হত্যার হুমকি ও তিনটি দাবি আদায়ের লক্ষ্যে শাহবাগ মোড়ে অবরোধ কর্মসূচি পালন করেন। পাঁচ ঘণ্টা অবরোধের পর মঙ্গলবার (২৬ আগস্ট) রাত ৮টার দিকে তারা সরে দাঁড়ান। তবে এর পরপরই শিক্ষার্থীরা ‘লং মার্চ টু ঢাকা’ ঘোষণা দেন।
প্রকৌশলী অধিকার আন্দোলনের সাধারণ সম্পাদক সাকিবুল হক লিপু জানান, বুধবার সকাল ১০টা থেকে শাহবাগে সমাবেশ শুরু হবে। পাশাপাশি সারা দেশের প্রকৌশল ও বিজ্ঞান-প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
শিক্ষার্থীদের দাবিগুলো হলো—
১. ইঞ্জিনিয়ারিংয়ের ৯ম গ্রেড বা সহকারী প্রকৌশলী কিংবা সমমান পদে প্রবেশের জন্য নিয়োগ পরীক্ষা বাধ্যতামূলক করতে হবে। যোগ্যতা হতে হবে ন্যূনতম বিএসসি ডিগ্রি। কোনো ধরনের কোটা কিংবা সমমান পদ তৈরি করে পদোন্নতির সুযোগ দেওয়া যাবে না।
২. টেকনিক্যাল ১০ম গ্রেড বা উপসহকারী প্রকৌশলী পদে নিয়োগ পরীক্ষা ডিপ্লোমা ও বিএসসি ডিগ্রিধারীদের জন্য উন্মুক্ত করতে হবে।
৩. বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ছাড়া কেউ প্রকৌশলী পদবি ব্যবহার করতে পারবে না। একই সঙ্গে নন-অ্যাক্রিডেটেড বিএসসি কোর্সগুলোকে যথাযথ প্রক্রিয়ায় আইইবি-বিএইটিই স্বীকৃতির আওতায় আনতে হবে।
এর আগে, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে বুয়েটের সাবেক শিক্ষার্থী প্রকৌশলী রোকনুজ্জামান রোকন হত্যার হুমকির প্রতিবাদে শিক্ষার্থীরা শাহবাগ অবরোধ করেন। এতে রাজধানীর গুরুত্বপূর্ণ এ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এলএনডি/এমআর






