কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের গাছবাড়ী গ্রামে টানা ছয় মাস ধরে অদ্ভুতভাবে বিভিন্ন বাড়িঘর ও আসবাবপত্রে আগুন লাগছে। এ ঘটনায় আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয়রা। গ্রামবাসীর দাবি, ভারতের দিক থেকে আসা জ্বিন নাকি এসব আগুনের জন্য দায়ী।
ভুক্তভোগী নুর নাহার, মাহফুজুল হক, রুহুল ইসলাম ও মহসিনসহ অনেকে জানান, প্রতিদিন তিন-চার বার তাদের ঘরের বিভিন্ন স্থানে আগুন ধরে যাচ্ছে। কখনো বসতঘর, কখনো রান্নাঘর, কখনো আবার ঘরের বেড়া বা গোখাদ্যের পালায় আগুন লাগছে। ইতোমধ্যে একটি বসতঘর পুড়ে গেছে সম্পূর্ণ। নিরাপত্তার জন্য অনেকে রাতে ঘরের বাইরে থেকেও কাটাচ্ছেন।
এলাকাবাসীর ভিড় লেগেই থাকে ঘটনাস্থলে। রহস্যজনক এই ঘটনার কারণ অনুসন্ধানে স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস তদন্ত চালাচ্ছে।
দাঁতভাঙ্গা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য হাবিবুর রহমান বলেন, “আমরা পাহারা দিলেও হঠাৎ আগুন লেগে যায়। কিন্তু আশপাশে কাউকে দেখা যায় না। স্থানীয় এক কবিরাজের মতে এটি নাকি জ্বিনের কাজ। ঝাড়ফুঁকসহ নানা ব্যবস্থা নিলেও আগুন লাগা বন্ধ হয়নি।”
রৌমারী কর্তিমারী ফায়ার সার্ভিস স্টেশনের লিডার আব্দুল হালিম জানান, “আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম, কিন্তু আগুন পাইনি। তবে স্থানীয়রা বলছে—অলৌকিকভাবে আগুন ধরে। আমরা বিষয়টি তদন্ত করছি, তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।”
এলএনডি/এমআর






