কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় উল্টে যাওয়া একটি লরির চাপায় প্রাইভেটকার ও সিএনজি চালিত অটোরিকশার চার যাত্রী প্রাণ হারিয়েছেন।
শুক্রবার (২২ আগস্ট) দুপুর সোয়া ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার ইউটার্নে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী রয়েছেন। তবে তাদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার ঘটনাটি নিশ্চিত করেছেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, একটি লরি ইউটার্ন নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং একটি প্রাইভেটকার ও সিএনজি চালিত অটোরিকশার উপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই চারজন মারা যান। এ সময় আরেকটি প্রাইভেটকারের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ উদ্ধারকাজ শুরু করে।
ওসি ইকবাল বাহার মজুমদার বলেন, উদ্ধার তৎপরতা প্রায় শেষ পর্যায়ে রয়েছে। উদ্ধারকাজ সম্পন্ন হলে বিস্তারিত জানানো হবে।
এলএনডি/এমআর






