হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর লাগেজ থেকে পাওয়ার ব্যাংক, চার্জার, সোনার চেইন ও কানের দুল চুরির অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে ১৪ আগস্ট, যখন এক যাত্রী আবুধাবি থেকে ঢাকায় ফেরেন।
তবে মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানায়, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কোনো মালামাল হারানো বা চুরির ঘটনা ঘটেনি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-৩৫০ ফ্লাইটে মো. সোহাগ নামে এক যাত্রী সকাল ৫টা ২০ মিনিটে ঢাকা পৌঁছান। পরে সকাল ৯টা ১৫ মিনিটের দিকে আন্তর্জাতিক আগমনী টার্মিনালের ক্যানোপি-১ এলাকায় তিনি কান্নারত অবস্থায় নিজের মালামাল চুরির অভিযোগ তোলেন।
সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে কর্তৃপক্ষ জানায়, ওই যাত্রীর ব্যাগে থাকা পাওয়ার ব্যাংক আবুধাবি বিমানবন্দরের নিরাপত্তা চেকিংয়ে সরিয়ে টেপ দিয়ে সিল করা হয়েছিল। অন্য সামগ্রীর বিষয়ে ইউএস-বাংলা এয়ারলাইন্স যাচাই-বাছাই করছে।
ঘটনার পর বিষয়টি নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হলে, আদালত ইউএস-বাংলা এয়ারলাইন্সকে যাত্রীর লিখিত অভিযোগ গ্রহণ করে তা আবুধাবি অফিসে পাঠানোর নির্দেশ দেন। এ নির্দেশনায় ইতোমধ্যে এয়ারলাইন্স মেইল পাঠালেও, এখনো কোনো উত্তর আসেনি।
এলএনডি/এমআর






