আত্মীয়ের মরদেহ বাড়িতে নেওয়ার পথে যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন ইসমাইল হাওলাদার (৫৫)। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন।
শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের জোয়ারিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ভাঙ্গা হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) মো. রকিবুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ইসমাইল হাওলাদার পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সবুজনগর গ্রামের রহমান হাওলাদারের ছেলে।
পুলিশ কর্মকর্তা রকিবুজ্জামান জানান, ইসমাইল হাওলাদার কয়েকজনকে সঙ্গে নিয়ে এক আত্মীয়ের মরদেহ পরিবহনের জন্য চট্টগ্রাম থেকে অ্যাম্বুলেন্সে করে নিজ গ্রাম সবুজনগরের পথে ছিলেন। অ্যাম্বুলেন্সটি জোয়ারিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বরিশালগামী বিএমএফ পরিবহনের একটি বাসের সঙ্গে সরাসরি সংঘর্ষ হয়। এতে উভয় গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই ইসমাইল হাওলাদারের মৃত্যু হয়।
পরে খবর পেয়ে মুকসুদপুর ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করে। আহতদের ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরিবারের অনুরোধে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
এলএনডি/এমআর






