মানিকগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আয়োজিত কাঙালি ভোজের খিচুড়ি পুলিশ জব্দ করেছে। তবে এর আগেই কালো পতাকা উত্তোলন, কোরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছিল।
শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে মানিকগঞ্জ শহরের পূর্ব দাশড়া এলাকায় গণফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাবেক এমপি মফিজুল ইসলাম খান কামালের বাড়িতে এই ঘটনা ঘটে।
মফিজুল ইসলাম খান কামাল তার ফেসবুক পেজে স্ট্যাটাসে লিখেছেন, ‘১৫ আগস্ট জাতীয় শোক দিবস ২০২৫। নৈতিক দায়িত্ব থেকে আমি আজকের দিনটি পালন করার চেষ্টা করেছি। আইন প্রয়োগকারী সংস্থা তাদের দায়িত্ব পালন করেছে। সকালেই কালো পতাকা উত্তোলন করা হয়েছে। কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আয়োজন ছিল কাঙালি ভোজের। বাকিটা… ইতিহাস।’
তিনি সাংবাদিকদের বলেন, একজন মুক্তিযোদ্ধা হিসেবে বঙ্গবন্ধুর শাহাদাৎবার্ষিকী পালন করার অধিকার আমার আছে। কিন্তু পুলিশ এসে আমাকে বাধা দিয়েছে এবং কাঙালি ভোজের জন্য রান্না করা খিচুড়ি জব্দ করেছে।
মানিকগঞ্জ সদর থানার ওসি এসএম আমানউল্লাহ জানান, তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী কাজ করেছেন। জব্দকৃত রান্না করা খাবার বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে।
এলএনডি/এমআর






