জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা-৬ (পাইকগাছা–কয়রা) আসনে মনোনয়ন প্রত্যাশীদের তৎপরতা বেড়েছে। এরই অংশ হিসেবে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি রফিকুল ইসলাম রফিক শুক্রবার দেলুটী ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।
দলীয় সূত্র জানায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি’ ভোটারদের হাতে তুলে দিতে এই কর্মসূচির আয়োজন করা হয়। সকাল থেকে রফিকুল তাঁর সহযোগীদের নিয়ে ফুলবাড়ি বাজার, দারুন মল্লিক, নোয়াই বাজার, বিগরদানা এলাকার দোকানপাট, হাট-বাজার ও বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিএনপির রাজনৈতিক লক্ষ্য ও কর্মপরিকল্পনা তুলে ধরেন।
স্থানীয় কয়েকজন ব্যবসায়ী ও পথচারী বলেন, অনেকদিন পর তারা এভাবে একজন কেন্দ্রীয় পর্যায়ের নেতাকে সরাসরি মাঠে কাজ করতে দেখলেন। তাঁরা মনে করেন, এ ধরনের গণসংযোগে ভোটারদের সঙ্গে প্রার্থীর সম্পর্ক আরও দৃঢ় হবে।
গণসংযোগে অংশ নেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা জিএম ফারুক হোসেন, উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক শেখ হাবিবুর রহমান, বিএনপি নেতা মো. তোফা ও ইমরান হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা মো. আক্তার হোসেন, শহিদুল ইসলাম, মো. জাহিদুল ইসলাম, মো. সিরাজুল ইসলাম, মো. মোশারফ হোসেন, আব্দুর রাজ্জাক, ছাত্রনেতা জিয়ারুল ইসলাম ও তেজেন মণ্ডলসহ শতাধিক নেতাকর্মী।
কর্মসূচি শেষে রফিকুল ইসলাম রফিক কয়রা সাংবাদিক ফোরামকে বলেন, ‘৩১ দফা আমাদের দেশের ভবিষ্যতের রূপরেখা। জনগণ পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের জন্য বিএনপিই একমাত্র বিকল্প।’ তিনি আরও দাবি করেন, গণতন্ত্র ও জনগণের অধিকার ফিরিয়ে আনতে বিএনপি যে আন্দোলন চালাচ্ছে, তার অংশ হিসেবেই এই গণসংযোগ।
এলএনডি/এমআর






