রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী বুনিয়া সোহেলের আস্তানায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদক, বিস্ফোরক ও নগদ অর্থ উদ্ধার হয়েছে।
বৃহস্পতিবার গভীর রাতে (প্রায় রাত ৩টার দিকে) পরিচালিত এ অভিযানে উদ্ধার করা হয়— নগদ ১ কোটি ১৩ লাখ টাকা, ১৩টি তাজা ককটেল, ২৫টি আধা-প্রস্তুত ককটেল, ৪০০ গ্রাম গানপাউডার, দুটি সামুরাই তলোয়ার, ১২টি হকিস্টিক, ২৯টি হেলমেট, ২টি ড্রাগন লাইট, ১১ কেজি গাঁজা, ১২ প্যাকেট হেরোইন এবং একটি টাকা গোনার মেশিন।
৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের এক ঊর্ধ্বতন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় যে, বুনিয়া সোহেল ওই রাতে ক্যাম্পে অবস্থান করবেন। তবে অভিযানের সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে অপরাধীরা ছাদ ও পাশের ঘর দিয়ে পালিয়ে যায়।
ওই কর্মকর্তা আরও জানান, বুনিয়া সোহেলের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় হত্যা, বিস্ফোরক ও মাদকসহ মোট ৩৮টি মামলা রয়েছে। চলতি বছরের শুরুতে গ্রেপ্তার হয়ে ছয় মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেয়ে সে আবারও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ায়। মাত্র দুই দিন আগে তাঁর সহযোগীরা জেনেভা ক্যাম্পে এক যুবককে কুপিয়ে হত্যা করে, যার ঘটনায় ইতোমধ্যে ১৩ জনকে আটক করা হয়েছে।
অভিযানে উদ্ধারকৃত সব মালামাল মোহাম্মদপুর থানায় জমা দেওয়া হয়েছে। বুনিয়া সোহেলসহ পলাতক আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
এলএনডি/এমআর






