নাটোরে বিষাক্ত সাপে কাটা এক ব্যক্তি চিকিৎসা নিতে এসে সঙ্গে করে সেই বিষাক্ত সাপও হাসপাতালে নিয়ে এসেছেন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে নাটোর সদর হাসপাতালে ভর্তি হন ওই রোগী, অসিম সরদার (৩৫)। তিনি নলডাঙ্গা উপজেলার মোমিনপুর সরদারপাড়া গ্রামের দিনু সরদারের ছেলে।
পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, সকালে ঘুম থেকে উঠে বিছানা থেকে নামার সময় ঘরের মেঝেতে পা দিতেই একটি বিষাক্ত সাপ তাকে ছোবল মারে। সাপটি দ্রুত পাশের গর্তে ঢুকে পড়ে। চিৎকার শুনে পরিবারের সদস্যরা ছুটে এসে তার পায়ে রক্ত দেখতে পান। পরে গর্ত থেকে সাপটি বের করে খাঁচায় আটকে রাখেন।
পরিবারের দাবি, সঠিক চিকিৎসা এবং সাপের প্রজাতি চিহ্নিত করতে সহায়তার জন্য তারা সাপটি হাসপাতালে নিয়ে এসেছেন। বর্তমানে অসিম সরদার চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন।
সদর হাসপাতালের নার্স জেসমিন আক্তার জানান, রোগীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং অ্যান্টিভেনম দেওয়ার প্রস্তুতি চলছে।
আবাসিক মেডিকেল অফিসার ডা. মাহাবুব রহমান বলেন, রোগীর অবস্থা এখন স্থিতিশীল এবং প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হচ্ছে।
এলএনডি/এমআর






