স্থায়ী ক্যাম্পাস নির্মাণ প্রকল্পের ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাব) দ্রুত অনুমোদন ও বাস্তবায়নের দাবিতে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেলপথ অবরোধ করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর ফলে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
বুধবার (১৩ আগস্ট) সকাল ৯টার দিকে শিক্ষার্থীরা এ অবরোধ শুরু করেন এবং এ সময় বিভিন্ন স্লোগান দেন। সকাল সাড়ে ১০টার দিকে উল্লাপাড়া রেলওয়ে স্টেশন মাস্টার মাসুম আলী সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
তার ভাষ্যমতে, শিক্ষার্থীরা স্টেশনে সমবেত হয়ে রেলপথে অবস্থান নেওয়ার পর ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে করে ঢাকা থেকে আসা ধূমকেতু এক্সপ্রেস জামতৈল স্টেশনে এবং ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস মোহনপুর স্টেশনে আটকে আছে। তিনি আরও জানান, কতগুলো ট্রেনের সময়সূচি ব্যাহত হবে, তা নির্ভর করছে অবরোধ কতক্ষণ চলবে তার ওপর।
রেলওয়ে সূত্র বলছে, প্রতিদিন এই রেলপথ দিয়ে প্রায় ৩০টি যাত্রীবাহী ট্রেন চলাচল করে, এর বাইরে আরও কয়েকটি মালবাহী ট্রেনও চলে। এর মধ্যে ১০টি ট্রেনের যাত্রাবিরতি থাকে উল্লাপাড়া স্টেশনে।
শিক্ষার্থীদের অভিযোগ, প্রতিষ্ঠার ৯ বছর পার হলেও সিরাজগঞ্জের শাহজাদপুরে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য ডিপিপি এখনো অনুমোদন পায়নি। দীর্ঘদিন ধরে দাবি জানালেও কোনো সাড়া না পেয়ে তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।
উল্লাপাড়া রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার মনিরুল ইসলাম জানান, শিক্ষার্থীদের অবরোধ চলাকালে নিরাপত্তার জন্য স্থানীয় থানা পুলিশ ও রেলওয়ে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
এলএনডি/এমআর






