চট্টগ্রাম রেললাইনে বাড়ছে লাশের সারি

Liberty News Desk
ফাইল ছবি

চট্টগ্রামে রেললাইনে দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। গত এক বছরে জেলায় ট্রেনে কাটা পড়ে প্রাণ হারিয়েছেন অন্তত ১৬০ জন। রেলওয়ে কর্মকর্তারা মনে করছেন, লেভেল ক্রসিংয়ে গেটম্যানের ঘাটতি, জনসচেতনতার অভাব, রেললাইনের পাশে অবৈধ স্থাপনা এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর দুর্বল সমন্বয়সহ নানা কারণ এসব দুর্ঘটনার জন্য দায়ী।

রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের জুলাই থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত চট্টগ্রাম রেলওয়ে জেলা পুলিশের আওতাধীন এলাকায় ট্রেনে কাটা পড়ে অন্তত ১৬০ জন মারা গেছেন। এর মধ্যে চট্টগ্রামে ৮৩ জন, লাকসামে ৭৩ জন এবং চাঁদপুরে ছয়জন।

এছাড়া গত এক দশকে সারা দেশে রেললাইনে কাটা পড়ে ৯ হাজার ২৩৭ জনের মৃত্যু হয়েছে। গত তিন বছরে গড়ে প্রতিদিন প্রায় তিনজন এভাবে মারা গেছেন।

কর্মকর্তাদের মতে, রেললাইনের খুব কাছেই বাজার, দোকান ও বসতবাড়ি গড়ে ওঠায় শিশুসহ অনেকেই লাইনের ওপর দিয়ে চলাফেরা করে, আড্ডা দেয় কিংবা চলন্ত ট্রেনে ওঠা-নামার চেষ্টা করে। এসব আচরণই প্রায়শই দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়।

রেলওয়ে ও রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, দুর্ঘটনার পর তদন্ত কমিটি গঠন হলেও প্রতিবেদনে প্রায় একই ধরনের কারণ উঠে আসে। প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে দ্রুত রেলক্রসিং পার হওয়া, রেললাইনে বসা বা হাঁটা, ট্রেনের ছাদ থেকে পড়ে যাওয়া, আত্মহত্যা বা হত্যাকাণ্ড, লেভেল ক্রসিংয়ে পর্যাপ্ত গেটম্যানের অভাব, সংকেত অমান্য করা, সংশ্লিষ্ট সংস্থাগুলোর দুর্বল সমন্বয় এবং ইঞ্জিনের প্রযুক্তিগত ত্রুটি।

রেলওয়ে পুলিশ চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার সাকিলা সুলতানা বলেন, “রেললাইনে মৃত্যুর বড় কারণ অসতর্কতা এবং ঝুঁকিপূর্ণভাবে বসবাস। মানুষ সচেতন না হওয়া পর্যন্ত এ ধরনের মৃত্যুর হার কমানো সম্ভব নয়।” তিনি জানান, জনসচেতনতা বৃদ্ধিতে পুলিশ কাজ করছে।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন