বিজিবি কক্সবাজার রিজিয়নের অধীনে জব্দ হওয়া মোট ১ হাজার ৩২১ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।
বুধবার (১৩ আগস্ট) সকাল ১১টায় কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর প্রশিক্ষণ মাঠে আনুষ্ঠানিকভাবে এসব মাদক ধ্বংস করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আকছার খান, র্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল কামরুল হাসান, বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মহিউদ্দিন, পুলিশ সুপার সাইফুদ্দিন শাহীন এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহীদুল আলমসহ অন্যান্য কর্মকর্তারা।
বিজিবির তথ্য অনুযায়ী, ধ্বংসকৃত মাদকের মধ্যে ছিল— ২ কোটি ৩৩ লাখ ৯৪৯ পিস ইয়াবা ট্যাবলেট, ১৪০ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ৬১ হাজার ৪৯১ ক্যান বিয়ার, ২২ হাজার ১৫৫ বোতল মদ, ৮০০ পিস বিভিন্ন ধরনের ট্যাবলেট, ৩ লাখ ৩৭ হাজার ৬৪২ প্যাকেট সিগারেট, ১৬৯ বোতল ফেনসিডিল, ১ হাজার ৭৯৯ লিটার বাংলা মদ, ৪ দশমিক ৪০৫ কেজি কোকেন, ৫২ দশমিক ৮০০ কেজি গাঁজা, ২৫ দশমিক ৯৯৮ কেজি হেরোইন, চার কেজি আফিম, ১৯২ ক্যান এনার্জি ড্রিঙ্কস, ৫৪০ কৌটা বার্মিজ জর্দা এবং দুই বোতল হুইস্কি। এসবের বাজারমূল্য প্রায় ১ হাজার ৩২১ কোটি ৯০ লাখ ৬৯ হাজার ১১৬ টাকা।
এলএনডি/এমআর






