এনসিপি নেতাকে হুমকি : ‘প্রস্তুত হ রাজাকার’ চিরকুটের সঙ্গে কাফনের কাপড়

Liberty News Desk
ছবি : সংগৃহীত

রাজশাহীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বাড়ির সামনে কাফনের কাপড় ও একটি চিরকুট রেখে গেছে অজ্ঞাত ব্যক্তিরা। চিরকুটে লেখা ছিল— “প্রস্তুত হ রাজাকার, মায়ের দোয়া নাও, তোমাদের সময় শেষ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।”

হুমকি পাওয়া ওই নেতা খালিদ হাসান মিলু এনসিপির রাজশাহী জেলা সমন্বয় কমিটির সদস্য এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সংগঠক। তার বাড়ি রাজশাহী জেলার মোহনপুর উপজেলার ধুরইল গ্রামে। এ বিষয়ে তিনি মোহনপুর থানায় লিখিত অভিযোগ করেছেন। পুলিশ জানায়, বিষয়টি তদন্তাধীন।

খালিদ হাসান মিলুর ভাষ্য, শনিবার (৯ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে তিনি বাসায় ফেরেন। কিছুক্ষণ পর জানালার পাশ থেকে এক অচেনা কণ্ঠ শোনা যায়— “বাইরে বের হয়ে দেখ।” বারান্দায় গিয়ে তিনি দেখেন, কাঠের আড়ায় আগুন জ্বলছে এবং আশপাশে পেট্রোলের গন্ধ ছড়িয়ে আছে।

তিনি আরও জানান, সরাসরি বাইরে না গিয়ে প্রথমে প্রতিবেশীদের ডাকেন। পরে ধুরইল বাজারের নৈশপ্রহরীও ঘটনাস্থলে আসে। বাইরে একটি পলিথিন পড়ে থাকতে দেখা যায়। পুলিশ এসে সেটি খোলার পর কাফনের কাপড় ও হুমকিসূচক চিরকুট পাওয়া যায়। বৃষ্টির কারণে চারপাশ ভেজা থাকায় আগুন ছড়িয়ে পড়েনি, আর আগুনের অংশটুকু তারা নিভিয়ে ফেলতে সক্ষম হন। এ ঘটনায় তিনি উদ্বেগ ও আতঙ্কে রয়েছেন।

এনসিপির রাজশাহী জেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী নাহিদুল ইসলাম সাজুর মতে, ঘটনাটি অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। তার অভিযোগ, আওয়ামী সন্ত্রাসীরা এখনো রাজনৈতিক প্রতিপক্ষকে ভয়ভীতি প্রদর্শন করছে। প্রশাসন যদি কার্যকর ব্যবস্থা নিত, এমন সাহস তারা দেখাতে পারত না।

মোহনপুর থানার ওসি আতাউর রহমান জানান, রবিবার (১০ আগস্ট) রাতে ঘটনাটির বিষয়ে খালিদ হাসান মিলু থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন, যেখানে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন