সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ডিপিপি অনুমোদনে সরকারের পক্ষ থেকে ইতিবাচক সাড়া না পেয়ে ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভে নেমেছেন শিক্ষার্থীরা।
রবিবার (১০ আগস্ট) সকাল ১১টা থেকে হাটিকুমরুল গোলচত্বর এলাকায় ঢাকা-রাজশাহী, ঢাকা-পাবনা ও ঢাকা-রংপুর মহাসড়ক বন্ধ করে তারা বিক্ষোভ শুরু করেন।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর রউফ জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গোলচত্বরের ধোপাকান্দি এলাকায় ঢাকামুখী ও উত্তরবঙ্গগামী লেন অবরোধ করেছেন।
বিক্ষোভকারীদের মধ্যে হৃদয় সরকার, জাকারিয়া, সমুদ্র, মেরাজ ও হাসানসহ কয়েকজন জানান, আট বছর ধরে ভাড়া করা ভবনে অসুবিধার মধ্যে শিক্ষা কার্যক্রম চালাতে হচ্ছে। সাতবার সংশোধনের পর ৯ হাজার ২৩৪ কোটি টাকার প্রস্তাবিত প্রকল্পের ব্যয় প্রায় ৯৩.৫০ শতাংশ কমিয়ে ৫৯৯ কোটি ৫০ লাখ টাকায় আনা হলেও, এখনো একনেক সভার এজেন্ডায় স্থান পায়নি। বিশ্বকবির নামে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়ের প্রতি অন্যায় করা হচ্ছে বলে তারা দাবি করেন।
তাদের ভাষ্যমতে, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়ার পরও কোনো ধরনের সাড়া মেলেনি বা যোগাযোগ করা হয়নি, ফলে তারা বাধ্য হয়ে সড়ক অবরোধে যান।
শিক্ষার্থীদের কর্মসূচিতে সংহতি জানিয়ে অংশ নিয়েছেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এবং শাহজাদপুরের সচেতন নাগরিক সমাজের সদস্যরাও এতে যোগ দেন।
অবরোধের ফলে উত্তরাঞ্চলের সব রুটে যান চলাচল বন্ধ হয়ে যায়, ফলে ঢাকামুখী হাজারো যাত্রী ভোগান্তিতে পড়েন। হাটিকুমরুল গোলচত্বর ঘিরে শত শত যান আটকে যায়। বিকল্প দুটি সেতু দিয়ে আংশিক যান চলাচল হলেও মূল সড়কগুলো সম্পূর্ণ অচল হয়ে পড়ে।
এর আগে ডিপিপি অনুমোদনের দাবিতে শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে নানা কর্মসূচি চালিয়ে আসছিলেন। গত ২৬ জুলাই ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ, মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করার পর ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন তারা। নির্ধারিত সময় শেষ হলেও সমাধান না মেলায় আজকের এই অবরোধ অনুষ্ঠিত হয়।
এলএনডি/এমআর






