মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনার কুখ্যাত জলদস্যু ‘শুটার মান্নান’ হত্যা মামলার অন্যতম পলাতক আসামি পলাশ গাজীকে (৩৯) গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানের সময় তার কাছ থেকে একটি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, একটি রামদা ও তিনটি ছেনি দা উদ্ধার করা হয়।
শনিবার (৯ আগস্ট) সকালে গজারিয়া উপজেলার ষোলআনী এলাকা থেকে নৌপুলিশের একটি দল তাকে আটক করে। গ্রেপ্তারকৃত পলাশ গাজীর বিরুদ্ধে মাদক আইনে পাঁচটি মামলা রয়েছে।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ার আলম আজাদ জানান, তার নেতৃত্বে নৌপুলিশের দল মেঘনার শীর্ষ জলদস্যু লালু-জুয়েল গোষ্ঠীকে ধরতে অভিযান চালায়। এ সময় লালু-জুয়েলসহ অন্যরা পালিয়ে গেলেও দলের সদস্য, ষোলআনী গ্রামের শাহ আলমের ছেলে পলাশ গাজীকে অস্ত্রসহ আটক করা হয়।
তিনি আরও জানান, গত ২৮ জুলাই সকাল ৯টার দিকে বালুমহালের নিয়ন্ত্রণ ও চাঁদাবাজি নিয়ে বিরোধের জেরে গজারিয়ার ইমামপুর ইউনিয়নের বড় কালীপুরা গ্রামের কাছে মেঘনা নদীতে লালু-জুয়েল গোষ্ঠীর গুলিতে শুটার মান্নান নিহত হয়। পরে নিহত মান্নানের স্ত্রী সুমি আক্তার ১৬ জনকে আসামি করে গজারিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।
এলএনডি/এমআর






