বঙ্গোপসাগরের চট্টগ্রাম উপকূলে একটি মাছ ধরার ট্রলার ডুবে যাওয়ার ঘটনায় আট জেলে নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে সাগরে অভিযান চালাচ্ছে কোস্টগার্ড।
কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট শাকিব মেহবুব জানান, শুক্রবার (৮ আগস্ট) সকালে ট্রলার মালিকের কাছ থেকে খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়।
জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে একটি মাছ ধরার নৌযানের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। এতে থাকা ১৯ জেলের মধ্যে ১১ জনকে পাশের আরেকটি নৌযান উদ্ধার করলেও আটজন এখনও নিখোঁজ। নিখোঁজ ব্যক্তিরা সবাই নোয়াখালীর বাসিন্দা।
তাদের মধ্যে চারজনের নাম পাওয়া গেছে—আবুল বাশার, জামাল উদ্দিন, মো. ফারুক ও মো. ইদ্রিস।
ট্রলারের মালিক মোহাম্মদ মিরাজ বলেন, বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের ফিশারিঘাট থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল ট্রলারটি। দুপুরে অন্য একটি ট্রলারের সঙ্গে সংঘর্ষে এটি ডুবে যায়। উদ্ধার হওয়া ১১ জনকে সাগরে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়, তবে বাকি আটজনের কোনো খোঁজ মেলেনি।
এলএনডি/এমআর






